বরাক তরঙ্গ, ৪ জুন : শিলংয়ে উত্তর-পূর্ব পরিষদের ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হল। অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অধিবেশন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অংশগ্রহণ করেন। এ ছাড়া সভায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যপালগণ, মুখ্যমন্ত্রীরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধিবেশনে উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত বিকাশ এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রাধিকারভিত্তিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অধিবেশনে পর্যটন, কৃষি ও উদ্যানপালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে স্বনির্ভরতা, ক্রীড়া উন্নয়ন, অর্থনৈতিক করিডর গঠন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, এবং হ্যান্ডলুম ও হস্তশিল্প খাত নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, শিলং স্বরাষ্ট্রমন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান অবকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। আলোচনায় অবৈধ অনুপ্রবেশ, সীমান্তপারের চোরাচালান, অবৈধ বাণিজ্য এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের মতো চ্যালেঞ্জগুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া, ত্রিপুরা সরকার ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে নির্মিতব্য একটি হোটেল প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে অমিত শাহের।



