এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : কাটিগড়ার কাতিরাইল জিপি এলাকার বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা নিয়ে সংগঠিত আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার কাতিরাইলে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় গঠন করা হয়েছে ইউনিয়নের নতুন ১৫ সদস্যের আঞ্চলিক কমিটি। একই সঙ্গে অরুণোদয়, রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে আগামী ৪ আগস্ট কাটিগড়া উন্নয়ন ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কাতিরাইলের স্থানীয় শ্রমিক নেতা নিলেন্দু চক্রবর্তীর বাসভবনে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্তরের সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সুভাষ দাসকে সভাপতি, বিভাষ দাসকে সহ-সভাপতি এবং অঞ্জলি মালাকারকে সম্পাদক হিসেবে মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কাতিরাইল জিপি ভিত্তিক আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, কাতিরাইল অঞ্চলের সাধারণ মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা ও সামাজিক সুরক্ষা প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলি দীর্ঘদিন ধরেই রয়ে গেছে। বিশেষ করে অরুণোদয় প্রকল্প, রেশন কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নিয়ে বহু মানুষের অভিযোগ রয়েছে। এসব বিষয় প্রশাসনের নজরে আনতে এবং দ্রুত সমাধানের দাবিতে ৪ আগস্ট কাটিগড়া উন্নয়ন ব্লকের বিডিওর নিকট একটি স্মারকলিপি পেশ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর গৌহাটিতে অনুষ্ঠিতব্য অসম মজুরি শ্রমিক ইউনিয়নের শ্রমিক সম্মেলনে কাতিরাইল আঞ্চলিক কমিটির প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়েও সভায় ঐক্যমতে পৌঁছানো হয়।
নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মৃণাল কান্তি সোম, স্থানীয় শ্রমিক নেতা নিলেন্দু চক্রবর্তী, বিমল দাস-সহ সংগঠনের একাধিক সদস্য ও কর্মী। সভার শেষে নবগঠিত কমিটির সদস্যরা শ্রমিকদের অধিকার রক্ষা এবং কাতিরাইল জিপির বিভিন্ন জনসমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



