ত্রিপুরায় গণবণ্টন ব্যবস্থার আধুনিকীকরণে জোর, অসমের মন্ত্রী কৌশিকের সঙ্গে বৈঠকে সুশান্তর

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : ত্রিপুরা সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী।

শনিবার ত্রিপুরা সচিবালয়ে অসমের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দুই মন্ত্রীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাদ্য ও গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব পরিষেবা পৌঁছে দেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

এছাড়া খাদ্য ও ভোক্তা বিষয়ক পরিষেবায় ত্রিপুরা ও অসমের অভিজ্ঞতা, সফল উদ্যোগ এবং সেরা প্রশাসনিক অনুশীলন পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। দুই রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ত্রিপুরায় জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, গণবণ্টন ব্যবস্থার সার্বিক কার্যক্রম, পরিষেবার মানোন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জনস্বার্থ রক্ষায় ত্রিপুরা সরকার অঙ্গীকারবদ্ধ। নাগরিকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য ও গণবণ্টন ব্যবস্থাকে আরও উন্নত, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করতে সরকার ধারাবাহিক সংস্কার ও আধুনিকীকরণের পথে এগিয়ে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তঃরাজ্য অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ আরও উন্নত পরিষেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *