দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : শিল্পাঙ্গন চারুকলা প্রতিষ্ঠানের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার শিলচরের মালুগ্রামের ডেফোডিয়েল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একদিবসীয় গ্রীষ্মকালীন সৃজনশীল কর্মশালা। কর্মশালায় রাজস্থানের ঐতিহ্যবাহী পিচওয়াই চিত্রকলা এবং গ্রাফিক্স ডিজাইনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। করেস্ক কোম্পানির সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন বয়সের প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে গুয়াহাটি থেকে আগত করেস্ক কোম্পানির প্রশিক্ষক বিট্টু দাস এবং চিত্রশিল্প প্রশিক্ষক বাপন নাগকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
শিল্পাঙ্গন চারুকলা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ জানান, প্রতিষ্ঠানের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন সৃজনশীল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আধুনিক ও ঐতিহ্যবাহী চিত্রকলার প্রসারে নিয়মিত কর্মশালারও আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, “একজন চিত্রশিল্পীর শিল্পসৃষ্টির স্পর্শে সমাজ আরও সুন্দর ও রঙিন হয়ে উঠুক।”
কর্মশালায় প্রশিক্ষক বিট্টু দাস অংশগ্রহণকারীদের আঁকা ছবি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ ও উৎসাহ প্রদান করেন। দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা পিচওয়াই চিত্রকলার বিভিন্ন কৌশল এবং গ্রাফিক্স ডিজাইনের প্রাথমিক ধারণা ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রেরণা হিসেবে ব্যবহার করে নিজেদের সৃজনশীল কাজও উপস্থাপন করেন। অনুষ্ঠানে অভিজিত দে, চয়ন দে, সঞ্চিয়তা ভট্টাচার্য, পৌলমী শীল, প্রতিতী শীল, রাজ সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।



