বরাক তরঙ্গ, ২৪ জুন : শিলচর শহরের বেহাল রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবিতে এক গণ স্বাক্ষর অভিযান শুরু করল এসইউসিআই (কমিউনিস্ট) দলের শিলচর আঞ্চলিক কমিটি। বুধবার বিকেল চারটা থেকে শহরের ব্যস্ততম ভাওয়াল পয়েন্টে এই কর্মসূচি শুরু করেন দলের আঞ্চলিক কমিটির সদস্যরা।
এদিনের এই গণ স্বাক্ষর অভিযানে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন দলের আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মাত্র দেড় বছর আগে কোটি কোটি টাকা খরচ করে কেপিট্যাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটি নির্মাণ করা হয়েছিল। অথচ সঠিক রক্ষণাবেক্ষণ ও নিম্নমানের কাজের জন্য আজ এই গুরুত্বপূর্ণ সড়কে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে পুরো সড়কটি সাধারণ মানুষের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে, যার ফলে যান চলাচল ও পথচারীদের যাতায়াত অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে।
আঞ্চলিক কমিটির সম্পাদক আরও জানান, দলের পক্ষ থেকে অনেক আগেই এই সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করা হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন তাতে কোনও কর্ণপাত করেনি। শুধু রাজনৈতিক দলই নয়, শহরের বহু সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকেও প্রশাসনকে স্মারকপত্র দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, জেলা প্রশাসন সব দেখেও নীরব ভূমিকা পালন করছে এবং জনগণকে চরম দুর্ভোগ পোয়াতে বাধ্য করছে।
এই পরিস্থিতিতে চুপ করে না থেকে নিজেদের অধিকার বুঝে নিতে এবং শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবিতে সাধারণ জনগণকে একজোট হয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান দুলালী গাঙ্গুলি। আজকের এই কর্মসূচিতে দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সহ বহু ভুক্তভোগী সাধারণ নাগরিক অংশ নেন।



