রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের রহস্যমৃত্যু, অফিস কক্ষ থেকে উদ্ধার দেহ

Spread the news

বরাক তরঙ্গ, ২০ জুলাই : ত্রিপুরার রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার পুলিশ সদর দফতরে তাঁর নিজস্ব অফিস কক্ষ থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ সদর দফতরে পৌঁছান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও হাসপাতালে যান পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার দুপুর পর্যন্ত ডিজিপির মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *