শ্রীভূমিতে ২৩ জুলাই থেকে জনগণনার এনুমারেটর ও সুপারভাইজারদের তিন দফা প্রশিক্ষণ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই :
আসন্ন জনগণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় এনুমারেটর ও সুপারভাইজারদের জন্য তিন দফা প্রশিক্ষণের সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলা কমিশনার তথা প্রিন্সিপাল সেন্সাস অফিসারের স্বাক্ষরিত নির্দেশিকা অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।

সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ের প্রশিক্ষণ ২৩ থেকে ২৫ জুলাই, দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ২৭ থেকে ২৯ জুলাই এবং তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ ৩১ জুলাই, ১ আগস্ট ও ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে শ্রীভূমি সদর ও নিলামবাজার সার্কলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে শ্রীভূমি শহরের রবীন্দ্রসদন কলেজে। একই সময়ে পাথারকান্দি সার্কেলের প্রশিক্ষণ পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে, বদরপুর সার্কলের প্রশিক্ষণ বদরপুর এনএস কলেজে এবং রামকৃষ্ণনগর সার্কেলের প্রশিক্ষণ রামকৃষ্ণনগর কলেজে আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে সদর সার্কেলের প্রশিক্ষণ রবীন্দ্রসদন কলেজে, নিলামবাজার সার্কেলের প্রশিক্ষণ করিমগঞ্জ কলেজে এবং পাথারকান্দি, বদরপুর ও রামকৃষ্ণনগর সার্কলের প্রশিক্ষণ যথাক্রমে পূর্বনির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হবে।

তৃতীয় পর্যায়ে সদর সার্কেলের প্রশিক্ষণ রবীন্দ্রসদন কলেজে এবং শ্রীভূমি পৌরসভার জন্য শ্রীভূমি শহরের পিটিআই ক্লাসরুম হলে অনুষ্ঠিত হবে। এছাড়া নিলামবাজার সার্কেলের জন্য করিমগঞ্জ কলেজ, পাথারকান্দি সার্কেলের জন্য পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, বদরপুর সার্কেলের জন্য বদরপুর এনএস কলেজ এবং রামকৃষ্ণনগর সার্কেলের জন্য রামকৃষ্ণনগর কলেজে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণনা কার্যক্রমে নিয়োজিত সকল এনুমারেটর ও সুপারভাইজারকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে সফল জনগণনা সম্পন্ন করার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *