শিলচর রেফারিজ ওয়েলফেয়ার কমিটির ৩দিনের রেফারি কর্মশালা ৫ জুন থেকে

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : আগামী শুক্রবার থেকে তিনদিনের (৫-৭ জুন) বরাক উপত্যকা ভিত্তিক আবাসিক রেফারি কর্মশালার আয়োজন করছে শিলচর ফুটবল রেফারিজ ওয়েলফেয়ার কমিটি। মঙ্গলবার শিলচর টাউন ক্লাবে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক কর্মকর্তারা। কমিটির সভাপতি নির্মল ভট্টাচার্য, সচিব শৈলেন্দ্র চন্দ্র দাস ও মুখ্য পৃষ্টপোষক চন্দন শর্মা এদিন সাংবাদিকদের সামনে কর্মশালা বিস্তারিত বিবরণ তুলে ধরেন। প্রথমে সচিব শৈলেন্দ্র সবাইকে স্বাগত জানিয়ে কর্মশালায় বরাকের ৪৩ জন বিভিন্ন ক্যাটাগরির রেফারি উপস্থিত হবেন বলে জানান। ৪৩ জনের মধ্যে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থেকে ৭জন ও হাইলাকান্দি থেকে ৩ জন এবং বাদবাকি কাছাড় জেলা থেকে উপস্থিত থাকবেন। তবে সভাপতি নির্মল ভট্টাচার্য ও পৃষ্ঠপোষক চন্দন শর্মা জানান এজন্য বরাকের বাইরের জেলা ক্রীড়া সংস্থাকে অফিসিয়ালি কোন চিঠি দেওয়া হয়নি। যা আলোচনা হয়েছে ফোনে। কাছাড়ের রেফারিদের মধ্যে রয়েছেন তিনজন মহিলাও। তাঁরা হলেন ন্যান্সি রংমাই, সন্ধ্যা বাল্মীকি, আয়েশা পারভিন চৌধুরী। চন্দন শর্মা জানান, কর্মশালায় পাঁচশত টাকা ফি ধরা হয়েছে। তবে এটা একান্তই বাধ্যতামূলক নয়। এছাড়া কর্মশালায় যোগদানকারী মহিলাদের কোন ফি নেই। কর্মশালায় প্রধান প্রশিক্ষকের ভুমিকায় জাতীয় সিনিয়র রেফারি নির্মল ভট্টাচার্য। তাঁকে সহযোগিতা করবেন আরেক জাতীয় উদীয়মান রেফারি আব্দুল মাজিদ চৌধুরী।

শুক্রবার কর্মশালার প্রথম দিন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আসাম ফুটবলের কোষাধ্যক্ষ তথা রেফারি ওয়েলফেয়ার কমিটির রাজ্য সচিব হিরেন গগৈ। এছাড়া তার সঙ্গে থাকবেন রাজ্যের মহিলা ফুটবল সংগঠক প্রিয়দর্শিকা সন্দিকৈ। এদিন সকাল সাড়ে দশটায় উদ্ধোধনী অনুষ্ঠান শুরু হবে। তাঁর আগে সকাল ৬টা থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। প্র্যাকটিক্যালের জন্য শিলচর ইটখলা মাঠকে বেছে নেয়া হয়েছে। প্রতিদিন সকাল প্র্যাকটিক্যাল এবং পরে  থিওরি ক্লাস শুরু হবে। প্রয়োজনে সন্ধ্যার পরেও ক্লাস নেয়া হবে। থিওরির ক্লাস হবে শিলচর টাউন ক্লাবে।

এদিকে, প্রতিবারের মতো এবারেও থাকছে সংবর্ধনার পালা। উদ্ধোধনী অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, ফুটবল শাখা সচিব বিকাশ দাস, রেফারিজ ট্রেনিং সেন্টারের সচিব প্রবীর দাস ও ডিএস‌এর রেফারি সচিব সমর রায়। কর্মশালার সুষ্ঠু বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডিএসএ, টাউন ক্লাব ও ইটখলা মাঠ কর্তৃপক্ষ। ডিএসএ-র হোস্টেলে কর্মশালায় যোগদানকারী ২৫ জন রেফারি বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, সহ সভাপতি নন্দু দুলাল রায়, রেফারি সচিব সমর রায় সহ অন্যান্যরা। টাউন ক্লাব কর্তৃপক্ষ দীলিপ রঞ্জন নন্দী কর্মশালার ক্লাসের জন্য ভেন্যুর ব্যবস্থা করে দিয়েছেন। ইটখলা খেলার মাঠের ব্যাবস্থা করে দিয়েছেন বিজেন্দ্র প্রসাদ সিং। এজন্য আয়োজকদের তরফে তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন কর্মশালার আয়োজকরা। কর্মশালায় যোগদানকারীদের জন্য পাঁচশত টাকা পঞ্জীয়ন ফি ধার্য করা হয়েছে। তবে একান্ত বাধ্যতামূলক নয়। তাছাড়া মহিলাদের জন্য কোন ফি রাখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *