৪ সেপ্টেম্বর : পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) বিরোধিতার পাশাপাশি বেলুচিস্তানেও সশস্ত্র বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, প্রদেশটিতে তাদের চালানো দুটি হামলায় অন্তত ২৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বিএলএর দাবি, হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর তিনটি সামরিক যানও ধ্বংস হয়েছে। বেলুচিস্তান পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটির এক মুখপাত্র জানিয়েছেন, তাদের যোদ্ধারা একটি পাকিস্তানি সামরিক কনভয়কে লক্ষ্য করে হামলা চালান। হামলায় একটি ট্রাকসহ তিনটি সামরিক যান ধ্বংস করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়েছিল, ৩ সেপ্টেম্বরের ওই হামলায় ১৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পরে সেই সংখ্যা বাড়িয়ে ২৫ করা হয়। বিএলএর দাবি অনুযায়ী, প্রথম হামলাটি জিয়ারাত ক্রস এলাকায় একটি পাকিস্তানি সেনা কনভয়ের ওপর চালানো হয়। হামলায় কনভয়ের দুটি যানবাহন ধ্বংস হয় এবং ১৮ জন পাকিস্তানি নিরাপত্তাকর্মী নিহত হন বলে দাবি করেছে সংগঠনটি।
এছাড়া, হামলায় আহত পাঁচজন সেনা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও বিএলএর দাবি। সংগঠনটির আরও দাবি, হামলার পর পাকিস্তানি সেনাবাহিনীর কিছু অস্ত্রশস্ত্র তাদের যোদ্ধারা বাজেয়াপ্ত করেছেন।



