রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রীর ঘোষণা, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, চলতি বাজেটে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
মুখ্যমন্ত্রী জানান, অসম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন (ASRLM)-এর আওতায় আত্মসহায়ক গোষ্ঠীর কোনও মহিলা যদি ব্যক্তিগত ঋণ গ্রহণ করেন, তবে তিনিও ঋণ-সংক্রান্ত সুবিধা ও ছাড় পাবেন। আগে শুধুমাত্র গোষ্ঠীভিত্তিক ঋণের ক্ষেত্রেই এই সুবিধা মিলত।

এছাড়া, মহিলাদের স্ট্যাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হবে। তিনি বলেন, এর ফলে ব্যাংকগুলি ‘লখপতি বাইদেউ’সহ অন্যান্য মহিলাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে আর দ্বিধা করবে না।
আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্যও সুখবর ঘোষণা করা হয়েছে। তাঁদের জন্য নতুন পরিষেবা বিধি চালু করা হবে, যা পদোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে।

আগস্ট মাস থেকে আবারও সুলভ মূল্যে চাল, চিনি ও ডাল বিতরণ শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জমি ক্রয়-বিক্রয়, এগ্রিমেন্ট ও পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত নতুন আইন বিধানসভায় আনার পরিকল্পনা করা হয়েছে। এসব নথি সরকার নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করতে হবে। এতে ভূমি দালালদের দৌরাত্ম্য কমবে এবং জমি সংক্রান্ত অপরাধও হ্রাস পাবে বলে সরকারের আশা।

মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজে মোরান, মটক, তাই আহোম ও কোচ-রাজবংশী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি করে আসন সংরক্ষণ করা হবে। এছাড়া, যেসব অসমীয়া ছাত্র-ছাত্রী রাজ্যের বাইরে পড়াশোনা করেছে, কিন্তু তাদের পরিবারের তিন প্রজন্ম অসমীয়া, তারাও এখন অসমের মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আগে এই সুযোগ ছিল না।

শিবসাগর জেলার বন্যা পরিস্থিতি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন প্রতিটি গ্রাম ও এলাকায় পৌঁছে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে। বন্যাকবলিত পরিবারগুলিকে এবার ব্যক্তিগত নয়, ফ্যামিলি কিট প্রদান করা হবে। পাশাপাশি স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করারও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প পুনরায় চালু হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে অরুণোদয় সহায়ক বা অরুণোদয় সারথি নিয়োগ করা হবে। তাঁরা ব্লক, এসডিসি বা ডেপুটি কমিশনারের দফতরে থেকে প্রকল্প সংক্রান্ত অভিযোগ ও সমস্যার সমাধানে কাজ করবেন।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে গুয়াহাটি মহানগরে চারটি মেডিক্যাল কলেজ রয়েছে এবং আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা চলছে। পাশাপাশি বন্যাকবলিত কৃষকদের জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে ধানের চারা সরবরাহ করা হবে। কৃষিকাজের জন্য ট্র্যাক্টর দেওয়া হবে এবং যাঁদের গবাদিপশু বন্যায় মারা গেছে, তাঁদের ক্ষতিপূরণও প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *