ফেসবুক লাইভে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ৩ আগস্ট থেকে ফের শুরু অরুণোদয় প্রকল্প

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। লাইভে তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, কর্মসংস্থান, রেশন, শিক্ষা, অবকাঠামো ও সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসমে ২ লক্ষ সরকারি চাকরি প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

অরুণোদয় প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৩ আগস্ট থেকে প্রকল্পটি পুনরায় চালু হবে। ওই দিন থেকেই নতুন সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের প্রথম কিস্তির অর্থ প্রদান করা হবে। এছাড়া, ৬ ও ৭ আগস্ট ‘নিযুত মইনা’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ করা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে শিক্ষার্থীরা এই দুই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবে। রেশন ব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগস্ট মাস থেকেই পুনরায় চাল, চিনি ও ডাল সরবরাহ শুরু হবে। পাশাপাশি, ‘জীবন প্রেরণা’ প্রকল্পও সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হবে।

বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত বন্যা ভয়াবহ রূপ না নিলেও লখিমপুর ও ধেমাজির মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরকার তাদের পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা করবে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত কোনও বাঁধ ভেঙে যায়নি। তবে নদীভাঙন নিয়ে উদ্বেগ রয়েছে। আগামী ১ ও ২ আগস্ট তিনি নিজে ডিব্রুগড়ের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যাবেন।

গুয়াহাটির উড়ালপুলে ঝুলন্ত বাগান (হ্যাংগিং গার্ডেন) নির্মাণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জনগণের আগ্রহ থাকলে ভবিষ্যতে রাজ্যের অন্যান্য শহরেও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, চলতি বিধানসভা অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ আইন উপস্থাপন করা হবে। কামাখ্যা মন্দিরে কাশী বিশ্বনাথ করিডরের আদলে কামাখ্যা করিডর নির্মাণের কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রকল্পে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হবে। আদালতে মামলা চলায় এতদিন কাজ শুরু করা সম্ভব হয়নি।

মধুপুর সত্রের সৌন্দর্যায়নের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ঐতিহাসিক কারেংঘর সংরক্ষণ ও সৌন্দর্যায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরের সঙ্গে লাচিত বরফুকনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে টেলিফোনে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আদিত্য ধর আগামী আগস্ট মাসে সাক্ষাৎ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, মিশন বসুন্ধরা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ১০ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর থেকে মিশন বসুন্ধরা ৪ শুরু হবে। প্রকল্প সংক্রান্ত সমস্যা ও পরামর্শ জানাতে একটি বিশেষ পোর্টালও চালু করা হবে। এছাড়া, অসমের আদিম জনগোষ্ঠী হিসেবে মরাণ-মটক সম্প্রদায়কে বনভূমিতে জমি প্রদানের বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *