বরাক তরঙ্গ, ১২ আগস্ট : মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করল তাহের এফসি সপ্তগ্রাম। বুধবার প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের লিগ ম্যাচে শিলচরের আইমা রক্সকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তাহের এফসি।
স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তাহের এফসি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। দলের হয়ে প্রথমার্ধে গোল করেন ফেলা, তুলোয়াংতেলা ও মিচেল।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে তাহের এফসি। ৩৯, ৪১, ৪৪, ৫৫, ৬১ ও ৬৩ মিনিটে পরপর ছয়টি গোল করে ব্যবধান বাড়িয়ে ৯-০ করে ফেলে সপ্তগ্রামের দলটি। গোল করেন আসাঙ্গা তুলোয়াংতেলা, জো-রিনা, দগলিয়ানা, ফেলা ও ডেনিস।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাহের এফসি সপ্তগ্রামের আসাঙ্গা নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড়। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি সুমন দেব ও প্রীতম কুমার ঘোষ। ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ লস্কর, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মন ও নুংশিতম্বী সিংহ।
এদিকে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লকেল এফসি সপ্তগ্রাম ও দিদারখুশ জিপি।



