বরাক তরঙ্গ, ২ জুন : অসম বিজ্ঞান সমিতির কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এবং হাইলাকান্দি শাখার ব্যবস্থাপনায় মঙ্গলবার অবসরপ্রাপ্ত অধ্যাপিকা কাজল চৌধুরীকে এক আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। তিনি শ্রীকিষণ সারদা কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং দীর্ঘদিন ধরে অসম বিজ্ঞান সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এই মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা জানানো হয়।
এ উপলক্ষে অসম বিজ্ঞান সমিতির এক প্রতিনিধি দল এদিন তাঁর বাসভবনে গিয়ে সম্মান জানান। তাঁকে ঐতিহ্যবাহী শাল ও মানপত্র প্রদান করে সম্মানিত করেন সমিতির সদস্যরা।
সংবর্ধনা প্রদানকারী দলে উপস্থিত ছিলেন অসম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার প্রাক্তন সভাপতি তথা কাজল চৌধুরীর কন্যা অধ্যাপিকা সুকন্যা চৌধুরী। এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বর্তমান জেলা সম্পাদক লুৎফুর রহমান বড়ভূইয়া, ড. রূপম সেন, ড. অসীম কল্যাণ, পারভিন চৌধুরী, প্রসেনজিৎ চৌধুরী, সঞ্জীবকুমার দেব এবং সভাপতি ড. দেবাশিস গুহঠাকুরতা।
এই অনুষ্ঠানে উপস্থিত সদস্যবৃন্দ কাজল চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা অসম বিজ্ঞান সমিতির বিকাশ, প্রসার এবং বিভিন্ন জনমুখী কর্মকাণ্ডে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সমিতির সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্মিক ও সাংগঠনিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। প্রসঙ্গত কেন্দ্রীয় সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির প্রবীণ সদস্য দের গত বছরই সংবর্ধনা জানানোর কথা ছিল, যা একটু দেরী হলো বলে জানান সভাপতি। আগামীতে আরও কয়েকজন কে অনুরূপ সম্মান জানানো হবে।



