অসমে তথাকথিত ‘এনকাউন্টার’ মৃত্যুর ঘটনায় উদ্বেগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলার দাবি এসইউসিআই-র

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুন : সম্প্রতি অসমের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক তথাকথিত ‘এনকাউন্টার’-এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে এই ঘটনাগুলিকে অত্যন্ত উদ্বেগজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, রাজ্যে কোনও অপরাধমূলক বা আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনা ঘটলে তার যথাযথ বিচার আইন ও সংবিধানসম্মত প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিদ্যমান বিচারব্যবস্থা ও আইনি কাঠামোকে কার্যকরভাবে প্রয়োগ করাই একমাত্র গ্রহণযোগ্য পথ বলে তিনি মত প্রকাশ করেন।

চন্দ্রলেখা দাসের অভিযোগ, বলপ্রয়োগ করে বা তথাকথিত ‘এনকাউন্টার’-এর নামে কাউকে হত্যা করা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাজ্যের সাধারণ মানুষ শান্তি, সম্প্রীতি এবং আইনের শাসনের মধ্য দিয়েই বিভিন্ন সমস্যার সমাধান প্রত্যাশা করেন। তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সংযম, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার আহ্বান জানান তিনি।

এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে সরকার ও প্রশাসনের উচিত সাংবিধানিক এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা। এর মাধ্যমে জনগণের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং বিচারব্যবস্থার প্রতি বিশ্বাস অটুট রাখা সম্ভব হবে বলেও দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *