পাথারকান্দিতে এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের কমিটি পুনর্গঠন

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই :
দ্বীনি শিক্ষা, সমাজসেবা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের অধীন পাথারকান্দি আঞ্চলিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। রবিবার পাথারকান্দি আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগের নেতৃত্বকেই পুনরায় দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে আঞ্চলিক যুব নদওয়াতুত তামিরের নতুন কমিটিও গঠন করা হয়। আঞ্চলিক কমিটির সভাপতি ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় মুলক্কিন মওলানা শায়খ জিয়া উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা কোরান তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি দ্বীনি শিক্ষার প্রসার, মক্তব শিক্ষা শক্তিশালীকরণ, সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামি শিক্ষা ও সমাজসেবাকে সমান গুরুত্ব দিয়ে সংগঠনকে আরও কার্যকর করে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় আঞ্চলিক সম্পাদক সাদিক আহমদ গত পাঁচ বছরের সাংগঠনিক কর্মকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে দ্বীনি শিক্ষা কার্যক্রম, মক্তব পরিচালনা, দাওয়াহমূলক উদ্যোগ, সামাজিক সেবামূলক কর্মসূচি, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হয়। প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটিকেই পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা শায়খ জিয়া উদ্দিন আহমদ, সহ-সভাপতি মওলানা আছাদ উদ্দিন, সম্পাদক সাদিক আহমদ, সহ-সম্পাদক এএফ সহিদ আহমদ, কাজিয়ে শরিয়ত মওলানা আসাদ উদ্দিন, প্রচার সম্পাদক মওলানা আব্দুল হালিম এবং মক্তব পরিদর্শক হিসেবে মাওলানা হোসাইন আহমদ বহাল থাকেন। এছাড়া কমিটিতে আরও ১০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই সভায় আঞ্চলিক যুব নদওয়াতুত তামিরের কমিটিও পুনর্গঠন করা হয়। পদাধিকারবলে মাওলানা শায়খ জিয়া উদ্দিন আহমদ যুব কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। সহ-সভাপতি হিসেবে মাওলানা হাফিজ সাহিন আহমদ, সম্পাদক হিসেবে মাওলানা এএ মঞ্জুর আহমদ এবং সহ-সম্পাদক হিসেবে মওলানা ফয়জুল হক পুনরায় নির্বাচিত হন।

সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ড. জয়নুল হক ও মওলানা মুজির উদ্দিন। তাঁরা দ্বীনি শিক্ষা বিস্তার, মক্তব কার্যক্রম জোরদার, যুবসমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের আহ্বান জানান। সভা শেষে নবগঠিত নেতৃত্বের মাধ্যমে পাথারকান্দি আঞ্চলিক এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *