বরাক তরঙ্গ, ২৯ জুলাই : গুরু পূর্ণিমা উপলক্ষে সোনাইয়ের বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়াম হলে চিংলেন সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ড ঝরাগুলের উদ্যোগে বুধবার দ্বিতীয় শ্রদ্ধাঞ্জলি ও গুরু কীর্তন সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী এবং ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশিষ্ট সমাজসেবী বিজেন্দ্র সিংহ স্বাগত ভাষণ প্রদান করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএমডব্লিউএস-এর সভাপতি বি রবীন্দ্র শর্মা। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন গুরুচরণ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কে এন চাঁদ, অসম সরকারের জলসেচ বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আরকে গোপাল সানা, আসাম বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাল স্টাডিজের অধ্যাপক ও ডিন ড. এইচ ননীকুমার সিংহ, আসাম বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. হাউরোংবাম রাজমণি এবং এমসিএআরসিএ-র প্রধান গুরু টি. এইচ. গঙ্গা সিংহ।
অনুষ্ঠানে গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্য, আধ্যাত্মিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনার গুরুত্ব তুলে ধরা হয়। গুরু কীর্তন পরিবেশন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং অতিথিদের বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী এবং বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে ভক্তিময় পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



