মহাসপ্তমীতে দুঃস্থ ও পরিশ্রমী মহিলাদের হাতে শাড়ি ও উপহার তুলে দিল ছন্দনীড়

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে মহাসপ্তমীর পুণ্যলগ্নে এক মানবিক উদ্যোগ গ্রহণ করল ছন্দনীড় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। শনিবার সকালে শিলচরের জেল রোড বাজারে জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করে চলা কয়েকজন দুঃস্থ মহিলার হাতে শাড়ি-কাপড় ও উপহার তুলে দেন সংস্থার সদস্যরা। পাশাপাশি বিশিষ্ট প্রতিবন্ধী সংগীতশিল্পী হরি দাসকেও উপহার ও আর্থিক সাহায্য দিয়ে সম্মানিত করা হয়।

দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে ছন্দনীড়। সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষকে সামনে রেখে এই উদ্যোগের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতার বার্তা দেওয়া হয়। জেল রোড বাজারে রাস্তার পাশে ফুল বিক্রি করে এবং মাছের দোকানের পাশে বসে মাছ কেটে সংসার চালানো মহিলাদের হাতে উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেয় সংস্থাটি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নীলোৎপল চক্রবর্তী, সহ-সভাপতি কানাইলাল দাস, উপদেষ্টা পিএন ব্রহ্ম এবং সামাজিক ব্যক্তিত্ব তথা প্রচার সচিব পার্থশীল প্রমুখ। সংস্থার সম্পাদক ভাস্কর দাস জানান, সমাজের পরিশ্রমী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতারই অঙ্গ। উপহারের আর্থিক মূল্য বড় কথা নয়, বরং তাঁদের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া এবং ভালোবাসা ও সম্মান জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

অন্যদিকে, সম্মান ও আর্থিক সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগীতশিল্পী হরি দাস। ছন্দনীড়ের সদস্যদের এই ভালোবাসায় তিনি আনন্দিত বলে জানান এবং সংস্থার সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *