রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (NIT) ক্যাম্পাসে ভরাখাই চা-বাগান হয়ে প্রবেশের পথে বসানো একটি লোহার ব্যারিকেড ঘিরে শনিবার উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, প্রবেশপথ হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ব্যারিকেডটি গোড়া থেকে উপড়ে ফেলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, NIT কর্তৃপক্ষ কোনও পূর্বঘোষণা, আলোচনা বা গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় ছাড়াই হঠাৎ করে প্রবেশপথটি বন্ধ করে দেয়। তাদের দাবি, বহু বছর ধরে ভরাখাই চা-বাগান হয়ে যাওয়া এই পথটি আশপাশের একাধিক গ্রামের মানুষের নিয়মিত যাতায়াতের প্রধান রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে আকস্মিকভাবে ব্যারিকেড বসিয়ে পথ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে NIT-এর এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, কোনও রকম আলোচনা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছিল। খবর পেয়ে পৌঁছে পুলিশ। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় NIT শিলচর কর্তৃপক্ষ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



