বরাক তরঙ্গ, ৯ মে : শপথ গ্রহণের আগেই জনসেবার কাজে সক্রিয় হয়ে উঠলেন সোনাই বিধানসভা আসনের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। তাঁর দ্রুত উদ্যোগ ও তৎপরতায় মাত্র এক দিনের মধ্যেই সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ড এলাকায় নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। জানা গেছে, বেতকাড়িপার এলাকায় থাকা ৬৩ কেভির একটি ট্রান্সফরমার আচমকাই বিকল হয়ে পড়ে। এর ফলে শতাধিক পরিবার বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগের মধ্যে পড়েন। গরমে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ মানুষের সমস্যা চরমে পৌঁছায়। এ খবর পেয়েই গুয়াহাটি থেকে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন আমিনুল হক লস্কর। তাঁর সরাসরি হস্তক্ষেপ ও দ্রুত পদক্ষেপের ফলেই কয়েক ঘণ্টার মধ্যেই এলাকায় নতুন ট্রান্সফরমার পৌঁছে যায় এবং বিদ্যুৎ পরিষেবা পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়।
এত দ্রুত সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসী নবনির্বাচিত বিধায়কের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয়দের পক্ষ থেকে সোনাবাড়িঘাটের এপি সদস্য আমির হোসেন লস্কর আমিনুল হক লস্করকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এভাবেই জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।



