দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, হত্যার সন্দেহে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুন : ডিব্রুগড় মহানগরের মিলন নগর এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম ববিতা দাস (৩৩)। পরিবারের সদস্যরা বাড়িতে এসে তাঁকে ঘরের ভিতরে মৃত অবস্থায় দেখতে পান। এরপরই এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

জানা গেছে, ঘটনার সময় ববিতা দাসের দুই সন্তান বাড়ির ভিতরেই ছিল। সন্তানদের দাবি, বাড়িতে এক ব্যক্তি এসেছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি বুধবার রাতে সংঘটিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মৃতার স্বামী রবীন দাস বাড়িতে উপস্থিত ছিলেন না। পেশায় তিনি একজন গাড়িচালক।

প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে। মৃতের ভাই জোনটি দাস মিলন নগর পুলিশ ফাঁড়িতে হত্যার অভিযোগ তুলে একটি এজাহার দায়ের করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, ববিতা দাসের রহস্যজনক মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে প্রথমে পুলিশকে কোনও খবর দেওয়া হয়নি। মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেই মিলন নগর পুলিশ মহিলার মৃত্যুর খবর জানতে পারে।

এরপর বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার দিকে মৃতের ভাই জোনটি দাস মিলন নগর পুলিশ ফাঁড়িতে এজাহার দাখিল করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *