শ্রীভূমি জেলা বিজেপির সাংগঠনিক বৈঠকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কৃষ্ণেন্দুর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই :
সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার লক্ষ্যে শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে রবিবার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, একটি রাজনৈতিক সংগঠনের মূল ভিত্তি তৃণমূল স্তরের কর্মীরা। বুথ, মণ্ডল ও জেলা স্তরে সুসংহত ও সমন্বিতভাবে কাজ করলেই সংগঠন আরও শক্তিশালী হবে। তিনি বলেন, মানুষের আস্থা অর্জন এবং সেই আস্থা ধরে রাখার একমাত্র উপায় হলো জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তাই কর্মীদের সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, কেন্দ্র ও অসম সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি সুবিধা পেতে সহযোগিতা করারও নির্দেশ দেন তিনি।

বৈঠকে বুথভিত্তিক সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, নতুন সদস্য সংগ্রহ অভিযান, জনসংযোগ বৃদ্ধি, বিভিন্ন মোর্চার কার্যক্রমকে গতিশীল করা এবং সামাজিক উদ্যোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া জনসমস্যা দ্রুত প্রশাসনের নজরে আনা, নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে ইতিবাচক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, জেলা প্রভারি দীপায়ন চক্রবর্তী, সহ-প্রভারি সুরোজ সেন, জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠী, শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, এসসি বোর্ডের সভাপতি কৃষ্ণ দাস এবং প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন মণ্ডল কমিটির পদাধিকারী, মোর্চার নেতৃবৃন্দ, জেলা পরিষদ সদস্য, ওয়ার্ড কমিশনার, পঞ্চায়েত প্রতিনিধি ও বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

সভার শেষে কৃষ্ণেন্দু পাল বলেন, “সংগঠনই আমাদের শক্তি, আর মানুষের সেবাই আমাদের মূল অঙ্গীকার। নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করলে সংগঠন যেমন আরও মজবুত হবে, তেমনি উন্নয়নের সুফলও সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।” উপস্থিত নেতাকর্মীদের মতে, বৈঠকে গৃহীত সাংগঠনিক দিকনির্দেশনা আগামী দিনে শ্রীভূমি জেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *