মেলোডি মেকারর্সের ‘ভারত গৌরব সম্মাননা ২০২৬’ অনুষ্ঠান কাল

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং সুরসম্রাট কিশোর কুমারের জন্মমাস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে মেলোডি মেকারর্স। বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল ১৪ আগস্ট শিলচরের গোলদীঘি মলে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে বরাক উপত্যকায় বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক ও সমাজকল্যাণমূলক কাজে যুক্ত এনজিও, সংগঠন, বিশিষ্ট ব্যক্তি সহ ৩৪টি প্রদান করা হবে ‘ভারত গৌরব সম্মাননা ২০২৬’।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে চিকিৎসক, শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্ব, শিশু পরিচর্যা ও সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সাংবাদিক সম্মেলনে মেলোডি মেকারর্সের উপদেষ্টা ও তবলা বাদক ভাস্কর দাস, সঙ্গীতশিল্পী সুজিত রায়, সাংস্কৃতিক কর্মী জয়দীপ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী জয়দীপা চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী পরিমল পুরকায়স্থসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, সম্মাননা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি স্বাধীনতা দিবসের আবহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ—উভয় প্রজন্মের সঙ্গীতশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। কিশোর কুমারের জন্মমাসকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠান দর্শক-শ্রোতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।

এদিকে, আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে শিলচরের শ্যামসুন্দর আখড়ায় আরও একটি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে মেলোডি মেকারর্স। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের ভজন ও সঙ্গীত পরিবেশন করা হবে। দু’টি সাংস্কৃতিক অনুষ্ঠানে বরাক উপত্যকার সব স্তরের সাংস্কৃতিকপ্রেমী ও সঙ্গীতানুরাগীদের উপস্থিত থাকার জন্য মেলোডি মেকারর্সের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *