নারীর প্রতি সহিংসতা, পর্নোগ্রাফি ও মাদক প্রসার রোধের দাবিতে গুয়াহাটিতে গণ অভিবর্তন

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুন : নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, পর্নোগ্রাফির বিস্তার এবং মদ ও মাদকদ্রব্যের প্রসার সম্পূর্ণরূপে বন্ধের দাবিতে রবিবার গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে এক গণ অভিবর্তনের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)-এর আসাম রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্রাধিক নারী-পুরুষ ও বিশিষ্ট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

অভিবর্তনে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভানেত্রী ড. চিত্রলেখা দাস। সভায় উপস্থিত ছিলেন রূপকোঁয়ার জ্যোতিপ্রসাদ আগরওয়ালার কন্যা জ্ঞানশ্রী পাঠক, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ড. দ্বিপেশ ভগবতী, সংগঠনের প্রাক্তন রাজ্য সভানেত্রী অধ্যাপক চন্দ্রলেখা দাস, শিক্ষাবিদ ইনা হোসেন এবং বিশিষ্ট সাহিত্যিক শিবানন্দ কাকতি।

শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, অভিবর্তনের অন্যতম বক্তা মীনাক্ষী ভূঁইয়া আয়োজক ও প্রতিনিধিদের উদ্দেশে একটি শুভেচ্ছা বার্তা পাঠান। ড. চিত্রলেখা দাস সেই বার্তাটি সভায় পাঠ করে শোনান। নগাঁও সঙ্গীত গোষ্ঠীর পরিবেশিত উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমাবেশে নারীর নিরাপত্তা, সামাজিক অবক্ষয় রোধ এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখার দাবিতে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি, আসাম সরকারের সাম্প্রতিক ‘ইউনিফর্ম সিভিল কোড’ (অভিন্ন দেওয়ানি বিধি) সংক্রান্ত বিষয়েও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অভিবর্তনে অনুমোদিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *