শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : আর্থিকভাবে দুর্বল এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রীর অভাবে থাকা মানুষদের সহায়তার উদ্দেশ্যে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সমাজসেবামূলক কর্মসূচি ‘লায়ন্স হাট বাজার ৪.০’। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর অধীনস্থ লায়ন্স অ্যান্ড লিওস অব বরাক ভ্যালির উদ্যোগে আগামী ৪ অক্টোবর এই কর্মসূচির আয়োজন করা হবে।
শিলচরের সার্কিট হাউস রোডে অবস্থিত আশীর্বাদ ব্যাংকুয়েট হলে সকাল ১০টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। সেখানে প্রয়োজনীয় সামগ্রীর অভাব রয়েছে এমন মানুষের মধ্যে বিভিন্ন নতুন ও ব্যবহারযোগ্য সামগ্রী বিতরণ করা হবে। আয়োজকদের মতে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে সংগ্রহ করা সামগ্রীর মাধ্যমে অভাবগ্রস্ত মানুষদের কিছুটা স্বস্তি দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
কর্মসূচির আওতায় পোশাক, জুতো, বাসনপত্র, শিক্ষাসামগ্রী, খেলনা-সহ বিভিন্ন সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজনেরও ব্যবস্থা থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শিলচর রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের সচিব স্বামী গণধীশানন্দজি মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। এছাড়াও লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মনোজ ভজংকা এবং সংগঠনটির অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
‘লায়ন্স হাট বাজার ৪.০’-এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন অনুপ দত্ত সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে এই সেবামূলক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা প্রয়োজনীয় মানুষদের জীবনে সামান্য হলেও স্বস্তি ও আশার সঞ্চার করতে পারে।
উল্লেখ্য, অসহায় মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি সমাজে সহযোগিতা ও মানবিকতার বার্তাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এবারের ‘লায়ন্স হাট বাজার ৪.০’-এর আয়োজন করা হয়েছে।



