বাজারিছড়ায় বিজেপি বুথ সভাপতিকে শেষ শ্রদ্ধা জানালেন কৃষ্ণেন্দু, শোকস্তব্ধ গোটা এলাকা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট:
নিখোঁজ হওয়ার পর নৃশংসভাবে খুন হওয়া বাজারিছড়া এলাকার বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার ধরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা শ্রীভূমি জেলায়। শুক্রবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর তাঁর মরদেহ নিজ গ্রাম বাজারিছড়ায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের কান্না, আত্মীয়-স্বজনের আহাজারি এবং সাধারণ মানুষের ভিড়ে ভারাক্রান্ত হয়ে ওঠে গোটা এলাকা।

এদিন প্রয়াত বিকাশকুমার ধরকে শেষ শ্রদ্ধা জানাতে বাজারিছড়ায় পৌঁছান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্ব, দলীয় কার্যকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা। নীরবতা পালন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সকলে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান।

শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, বিকাশ কুমার ধর ছিলেন দলের একজন নিষ্ঠাবান, সৎ ও পরিশ্রমী কর্মী। তাঁর অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, গোটা বিজেপি পরিবারের কাছেই অপূরণীয় ক্ষতি।

ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী। তিনি জানান, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে কাজ করছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নিহতের পরিবার ন্যায়বিচার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, বিকাশকুমার ধরের শেষযাত্রায় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দলীয় পতাকা, ফুলের মালা ও অশ্রুসজল চোখে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে শেষ বিদায় জানান। শোকের পাশাপাশি অনেকের মধ্যে দেখা যায় ক্ষোভ ও দ্রুত ন্যায়বিচারের প্রত্যাশা।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বিকাশ কুমার ধরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় শ্রীভূমি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ ঘটনার সবদিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছে। প্রয়াত বিকাশকুমার ধরের আত্মার চিরশান্তি কামনা করেন উপস্থিত সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *