দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার শহরে জোরদার প্রচার চালাল বিজেপি। এদিন ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কুলদীপ চৌধুরীর নেতৃত্বে এবং মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে চেংকুড়ি রোড এলাকা থেকে একটি বিশাল পদযাত্রা বের করা হয়।
পদযাত্রায় বিজেপির শত শত কর্মী-সমর্থক অংশ নেন। দলীয় পতাকা হাতে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলটি শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। প্রচারের শেষ দিনে এই পদযাত্রাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পদযাত্রার আয়োজন করা হয়। মন্ত্রী কৌশিক রায়ও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে মিছিলে অংশ নেন। শেষ মুহূর্তের প্রচারে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া পড়ে।
পুর নিগম নির্বাচনের প্রচারপর্বের শেষ দিনে এই পদযাত্রার মাধ্যমে নিজেদের প্রার্থীদের পক্ষে জনসমর্থন জোরদার করার চেষ্টা চালায় বিজেপি। এখন ভোটগ্রহণের দিকে তাকিয়ে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা।



