জয়পুর নতুন বাজার কি তবে ডিমাহাসাও জেলার অন্তর্ভুক্ত? চিঠির ঠিকানা ঘিরে নতুন বিতর্ক

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : লক্ষীপুর বিধানসভা এলাকার ১৯টি গ্রামকে ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্ত করার সরকারি প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও প্রতিবাদ চলছে। এরই মধ্যে পয়লাপুলে মন্ত্রী কৌশিক রায়কে স্বাগত জানিয়ে তৈরি একটি তোরণে ডিমাহাসাও জেলার নাম উল্লেখ করা নিয়ে চর্চা শুরু হয়েছিল। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে একটি চিঠির ঠিকানা।

জানা গেছে, জয়পুর নতুন বাজারের শনি মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা রাজদীপ চন্দের নামে প্রায় ছয় দিন আগে একটি চিঠি আসে। চিঠিটির ঠিকানায় ‘জয়পুর নতুন বাজার’ উল্লেখ করা হলেও জেলার নাম হিসেবে কাছাড়ের পরিবর্তে ‘ডিমাহাসাও’ লেখা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে—জয়পুর নতুন বাজার কি ইতিমধ্যেই ডিমাহাসাও জেলার অন্তর্ভুক্ত হয়ে গেল? নাকি এটি নিছকই ঠিকানা লেখার ক্ষেত্রে কোনও ভুল?
জয়পুর এলাকার ১৯টি গ্রামকে ডিমাহাসাও জেলার অন্তর্ভুক্ত করার সরকারি প্রক্রিয়া নিয়ে আগে থেকেই সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা রয়েছে। এবার চিঠিতে ডিমাহাসাও জেলার নাম থাকায় বিষয়টি নিয়ে এলাকায় জোরদার চর্চা শুরু হয়েছে।

তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিঠির প্রাপক রাজদীপ চন্দ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে চিঠিটির ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছেন—‘জয়পুর নতুন বাজার কবে থেকে ডিমাহাসাও হয়ে গেল, তা জানতে পারলাম না।’
চিঠিতে জেলার নাম পরিবর্তনের বিষয়টি কীভাবে এল, তা নিয়ে এখন এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *