ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেট লিগ ম্যাচে সোমবার ৫ উইকেটে জিতলো ইন্ডিয়া ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী টাউন ক্লাবের ৩৮.৮ ওভারে ১৪০ রান তারা ৩৬.৩ ওভারে অতিক্রম করে নেয়। ৫ উইকেট হারিয়ে করে ১৪১ রান। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাউন ক্লাব। তবে ইন্ডিয়া ক্লাবের পেসার শমীক দাসের বোলিং ব্যাটারদের কাজ কঠিন করে দেয়। শুরু থেকে একের পর এক উইকেট দখল করতে থাকেন শমীক। মোট ৬ উইকেট নেন তিনি।
টাউন ক্লাবের ব্যাটারদের মধ্যে কিছুটা মারার চেষ্টা করেন রোশন আলম (৪৪), রেহান জমিল মজুমদার (২২), ইয়াসির আলি (১৮) এবং রাজু দাস (১০)। এদিকে, রান তাড়া করার পময় ইন্ডিয়া ক্লাবের ঋতুরাজ বিশ্বাস অপরাজিত ৪৮, যোগেশ্বর ভূমিজ অপরাজিত ৪০, অভিষেক দেব ২১ ও শমীক করেন ১০ রান। দুটি করে উইকেট নেন রোশন ও ভারত নেওয়ার।
খেলা শেষে শমীক দাসের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহসভাপতি সুজন দত্ত।



