শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : গ্রামাঞ্চলের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলা এবং কম্পিউটার শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল স্টার সিমেন্ট লিমিটেড। সংস্থার সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে সোমবার কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বুরুঙ্গায় অবস্থিত স্টার সিমেন্টের ইউনিট প্রাঙ্গণে একটি অত্যাধুনিক, কম্পিউটার-সমৃদ্ধ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফিতা কেটে এই বিশেষ কম্পিউটার বাসটির উদ্বোধন করেন কাটিগড়া ও বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও কিশোর নাথ এবং স্টার সিমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রদীপ পুরোহিত। অত্যাধুনিক প্রযুক্তি ও কম্পিউটার সরঞ্জামে সজ্জিত এই বাসটি মূলত স্কুল পড়ুয়াদের হাতে-কলমে কম্পিউটার শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের প্রযুক্তি নির্ভর শিক্ষার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। শুধু কম্পিউটার শিক্ষাই নয়, অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও তুলে ধরে।

সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন দক্ষ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের আয়ের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়। একইসঙ্গে এলাকার ১৭টি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ জোগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বড়খলার বিধায়ক কিশোর নাথ এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্টার সিমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রদীপ পুরোহিত বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা পালনকে সংস্থা বিশেষ গুরুত্ব দিয়ে দেখে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক পরিষেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।



