মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : শ্রীভূমি শহরের ডাকবাংলো রোডে অবস্থিত ‘প্রশান্তি লজ’ আধুনিক সুযোগ-সুবিধা ও নতুন সাজে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য বিষয়ক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস যৌথভাবে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নবসজ্জিত লজটির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই লজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসসহ আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া প্রদান ও পুষ্পবৃষ্টির মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। এতে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ চৌধুরী, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, জেলা বিজেপির সভাপতি সঞ্জিব বণিক, বিজেপি নেত্রী চন্দারাণী সিনহা, বিজেপি নেতা রাজ শেখর দাস, বিশিষ্ট সাংবাদিক রাহুল পালসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীভূমি জেলায় আধুনিক মানের আবাসন ও বিভিন্ন সামাজিক এবং কর্পোরেট অনুষ্ঠানের উপযোগী পরিকাঠামোর চাহিদা ক্রমেই বাড়ছে। সেই প্রয়োজনের কথা বিবেচনা করেই ‘প্রশান্তি লজ’-কে আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে। তাঁদের আশা, নতুন এই প্রতিষ্ঠান জেলার আতিথেয়তা শিল্পকে আরও সমৃদ্ধ করবে এবং পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে।
লজের স্বত্বাধিকারী আশিস দাস পুরকায়স্থ জানান, শ্রীভূমি, কাছাড়, হাইলাকান্দি, ত্রিপুরা, মেঘালয়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের আরামদায়ক ও নিরাপদ আবাসনের কথা মাথায় রেখেই লজটি আধুনিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত এবং উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন। সাশ্রয়ী মূল্যে মানসম্মত পরিষেবা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, আবাসনের পাশাপাশি বিবাহ, বৌভাত, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহবার্ষিকী, কর্পোরেট মিটিং, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য সামাজিক আয়োজনের জন্যও লজে বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশস্ত হলরুম, আধুনিক পরিকাঠামো এবং উন্নত পরিষেবার মাধ্যমে ‘প্রশান্তি লজ’ সাধারণ মানুষের কাছে একটি নির্ভরযোগ্য অনুষ্ঠানস্থল হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে ব্যস্ত সরকারি কর্মসূচির মধ্যেও উপস্থিত হওয়ার জন্য মন্ত্রী, প্রাক্তন সাংসদ, দুই বিধায়ক, জেলা বিজেপির সভাপতি, অন্যান্য অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশীষ দাস পুরকায়স্থ। তিনি বলেন, সকলের সহযোগিতা ও আশীর্বাদে ‘প্রশান্তি লজ’ ভবিষ্যতে শ্রীভূমির অন্যতম সেরা আতিথেয়তা প্রতিষ্ঠানে পরিণত হবে।
আধুনিক অবকাঠামো, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, উন্নত পরিষেবা এবং সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের উপযোগী সুবিধা নিয়ে যাত্রা শুরু করা ‘প্রশান্তি লজ’ শ্রীভূমির আতিথেয়তা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।



