বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : ত্রিপুরা এডিসি নির্বাচনে কার্যত ভরাডুবি শাসক দল বিজেপির। বিপুল জনসমর্থন নিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল তিপ্রা মথা। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই দাপটের সঙ্গে জয়ী হয়েছে দলটি। অন্যদিকে, মাত্র ৪টি আসনে জয় পেয়েছে বিজেপি, তাও কড়া প্রতিদ্বন্দ্বিতার পর।
ফলাফল ঘোষণার পর স্পষ্ট, এডিসি এলাকায় তিপ্রা মথার প্রতি মানুষের আস্থা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অধিকাংশ আসনে বড় ব্যবধানে জয় দলটির শক্তিশালী সংগঠন ও ক্রমবর্ধমান জনভিত্তিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
এদিকে, বিজেপি যে কয়েকটি আসনে জয় পেয়েছে, সেখানেও ছিল টানটান লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় ছিল এবং খুব সামান্য ব্যবধানেই নির্ধারিত হয়েছে ফলাফল।

এই বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আবহ তৈরি হয়েছে। তিপ্রা মথার কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে আনন্দ মিছিল, আবির খেলা ও মিষ্টিমুখের মাধ্যমে জয় উদযাপন করেন। দলীয় পতাকা হাতে উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
দলের নেতৃত্ব এই জয়ের জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি, এডিসি অঞ্চলের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে তিপ্রা মথা নেতৃত্ব।



