৫ জুলাই : জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। শোপিয়ানে জঙ্গি ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেখানে অন্তত ২ জন জঙ্গিকে ঘিরে ধরে সেনাবাহিনী বলে সূত্রের খবর।
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান (Shopian) জেলার সাইদপোরা ( Saidpora) এলাকায় এই এনকাউন্টার চলছে।
শনিবার, ওই এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরেই সেখানে তল্লাশি অভিযান চালায় সেনা। সেনা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যেতেই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।
জম্মু-কাশ্মীরের পুলিশ সূত্রে খবর, সাইদপোরা পাইনের কাছে চানপোরা এলাকায় জঙ্গিরা গা-ঢাকা দিয়েছে বলে খবর আসে। ওই তথ্যের ভিত্তিতেই শুরু হয় অভিযান। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর প্যারা ইউনিট, রাষ্ট্রীয় রাইফেলস (RR) এবং স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) অংশ নিয়েছে। ওই দলে আছে সিআরপিএফ-ও।
সূত্রের খবর, এই এনকাউন্টারের মধ্যে আটকে পড়তে পারেন জাকির আহমেদ গনি ও লতিফ ভাট।
তল্লাশি অভিযানের সময় একাধিক গুলির শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। জঙ্গিরা যাতে কোনও দিক দিয়েই পালাতে না পারে সেই জন্য পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
জানা গিয়েছে, জাকির আহমেদ গনি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মুতালহাম গ্রামের বাসিন্দা। শুক্রবারই জাকিরকে অন্য জঙ্গিদের সঙ্গে সনাক্ত করে নিরাপত্তা বাহিনী। জাকিরকে দীর্ঘ দিন ধরেই খুঁজছে পুলিশ। গত বছর পহেলগাম হামলার পরেই নিরাপত্তা সংস্থাগুলি জম্মু-কাশ্মীরের ১৪ জন সন্দেহভাজন জঙ্গির নামের তালিকা প্রকাশ করে। তাদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ওই তালিকায় নাম ছিল জাকিরের-ও।



