আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে  বিক্ষোভকারীদের প্রতিবাদ, দেওয়ালে গেরুয়া রং

Spread the news

১ সেপ্টেম্বর : মঙ্গলবার দুপুরে কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে কয়েকজন বিক্ষোভকারীকে গেরুয়া পাগড়ি পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা যায়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তাঁদের মধ্যে একজন কার্যালয় ভবনের সামনের দেওয়ালে গেরুয়া রং লাগিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

জানা গেছে, সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি শিরোনামকে কেন্দ্র করেই এই বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। ২০ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়ানোর পরদিন সংবাদপত্রটিতে ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এই শিরোনাম নিয়ে আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রকাশ্যে বক্তব্য রেখেছিলেন। ২৮ অগস্ট একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘গেরুয়া তাণ্ডব’ ধরনের শিরোনাম প্রত্যাহার করতে হবে এবং ‘গেরুয়া’ শব্দকে কালিমালিপ্ত করতে দেওয়া হবে না। তাঁর বক্তব্য আনন্দবাজার পত্রিকাকে উদ্দেশ্য করেই বলে মনে করা হয়।

এরপর থেকেই সামাজিক মাধ্যমে আনন্দবাজার পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে বিভিন্ন আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। পাশাপাশি, হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছিল বলেও জানা গেছে।

মঙ্গলবারের বিক্ষোভে এক আন্দোলনকারী বলেন, “পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।”

তবে বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপির সরাসরি কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকেও এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *