ভুবন পাহাড়ের কালাখাল খাসিয়া পুঞ্জিতে মেডিক্যাল ক্যাম্প, উপকৃত শতাধিক লোক

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুন : প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রবিবার ভুবন পাহাড়ের কালাখাল খাসিয়া পুঞ্জিতে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং আমড়াঘাট বিদ্যাভারতী স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি প্যারামেডিক্যাল সেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন সিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস, ডাঃ নবগোপাল চন্দ এবং তাঁদের চিকিৎসক দল। তাঁদের সহযোগিতায় দিনভর রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী সরস্বতী বিদ্যামন্দিরের শিক্ষক জয়প্রিয় বর্মন, অমিত চৌধুরী, গীতা চন্দ, ওইলিংটন লিংডোসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিবির পরিচালনায় সহায়তা করেন।
চিকিৎসা শিবিরে অংশ নেওয়া বহু গ্রামবাসী জানান, তাদের এলাকায় এই প্রথম এত বড় পরিসরে স্বাস্থ্যসেবা পৌঁছেছে। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিবিরে রোগ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসচেতনতা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শও প্রদান করা হয়।

কেশব স্মারক সংস্কৃতি সুরভী সংস্থার ভাইস প্রেসিডেন্ট ডাঃ সোনম পাণ্ডে বলেন, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের উন্নয়নে সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে আরও বৃহত্তর ও দীর্ঘমেয়াদি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *