বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট সমজেলা কার্যালয় প্রাঙ্গণে বুধবার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জমি-জমা সংক্রান্ত প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করে ক্ষুব্ধ জনতা মারধর করে। এই ঘটনায় লাহরিঘাট অঞ্চলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল্লাহ সম্প্রতি বদলি হওয়া পূর্বের সমজেলা আয়ুক্তের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সরকারি কাজের নামে অবৈধ অর্থ সংগ্রহ করছিল বলে অভিযোগ ওঠে। বিশেষ করে, তছলিমা নাচরিন নামে এক মহিলার জমি-সংক্রান্ত কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কাজ না করায় বুধবার ভুক্তভোগী মহিলা কয়েকজন স্থানীয় নাগরিককে নিয়ে সমজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে টাকা ফেরত চান। এর পরেই অভিযুক্ত আব্দুল্লাহ পালানোর চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা তাকে ধরে উত্তম-মধ্যম শাস্তি দেন। এতে কার্যালয় প্রাঙ্গণে হুলস্থূল পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই নতুন সমজেলা আয়ুক্ত অনুরাগ ফুকনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন কর্মকর্তা কার্যভার নেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই অপ্রীতিকর ঘটনা ঘটায় এটি বিশেষভাবে আলোচিত হচ্ছে।
এদিকে, এই ঘটনার খবর পেয়ে লাহরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে এই ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



