বেকারত্ব ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এআইডিওয়াইও-র বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জুন : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিল, সকল বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে শুক্রবার ধোয়ারবন্দ বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও)-এর কাছাড় জেলা কমিটি।

বিক্ষোভ চলাকালীন সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন এআইডিওয়াইও-র কাছাড় জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার রী এবং রাজ্য কমিটির অফিস সম্পাদক বিজিৎ কুমার সিনহা।

বক্তারা দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যার বিষয়টি তুলে ধরে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও সেগুলি পূরণ করা হচ্ছে না। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের পদ বিলুপ্ত করা এবং বিভিন্ন সরকারি বিভাগকে বেসরকারিকরণের ফলে কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

এনটিএ-র মাধ্যমে পরিচালিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, এই ধরনের দুর্নীতির কারণে অসংখ্য ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে এবং মানসিক চাপে বহু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ কঠোর হাতে দমন করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, যুবসমাজের সমস্যা সমাধান এবং কর্মসংস্থানের দাবিতে উন্নত নীতি-নৈতিকতার ভিত্তিতে শক্তিশালী গণতান্ত্রিক যুব আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে ছাত্র-যুবকদের সরকার পরিচালিত জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানান তাঁরা।

বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের জেলা কমিটির সদস্য সুজিত আকুঁড়া, দিলীপ কালোয়ার, সুবীর রায়সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *