ডিমের কার্টনের আড়ালে বিদেশি মদ, পাথারকান্দিতে উদ্ধার

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ জুন:
ডিমের কার্টনের আড়ালে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের চেষ্টার অভিযোগে এক চালককে গ্রেপ্তার করেছে পাথারকান্দি থানার পুলিশ। রবিবার রাতে নবনিযুক্ত ওসি বিশ্বজ্যোতি দেউরীর নেতৃত্বে পরিচালিত বিশেষ নাকা তল্লাশি অভিযানে একটি বলেরো পিক-আপ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাত প্রায় ৮টা নাগাদ পাথারকান্দি থানার অন্তর্গত মইনা এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এসময় শ্রীভূমি থেকে পাথারকান্দির দিকে আসা TR-05H-1669 নম্বরের একটি বলেরো পিক-আপকে সন্দেহের ভিত্তিতে থামিয়ে তল্লাশি চালানো হয়।

প্রাথমিকভাবে গাড়িটি ডিমের কার্টন বোঝাই বলে মনে হলেও বিস্তারিত তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ডিমের কার্টনের আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল ৫৯টি বড় কার্টন ভর্তি বিভিন্ন নামী ব্র্যান্ডের বিদেশি মদ। বৈধ পণ্যের আড়ালে অবৈধ মদ পাচারের এই অভিনব কৌশল দেখে পুলিশও বিস্মিত হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মদের চালানটি অবৈধভাবে মিজোরামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বাজেয়াপ্ত মদের আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ টাকারও বেশি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের অন্যান্য সদস্য, মদের উৎস এবং নির্ধারিত গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের দাবি, তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে এবং শীঘ্রই চক্রের আরও সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *