মুম্বাইয়ে ‘আসাম অ্যাসোসিয়েশন’-এর সংবর্ধনা আমিনুর রশিদকে

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ জুন :
দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে প্রবাসী অসমবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আসাম অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে শোভাযাত্রার মাধ্যমে তাঁকে সংগঠনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অনুষ্ঠানে ফুলের মালা, উত্তরীয়, স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে বিধায়ককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়। বক্তারা বলেন, বরাক উপত্যকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণে বিধায়ক আমিনুর রশীদ চৌধুরীর ভূমিকা প্রশংসনীয়। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলেও তাঁরা উল্লেখ করেন।

সংবর্ধনার জবাবে বিধায়ক বলেন, মুম্বাইয়ে প্রবাসী অসমবাসীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান তাঁর জীবনের অন্যতম স্মরণীয় প্রাপ্তি। এই সম্মান ব্যক্তিগত নয়, দক্ষিণ করিমগঞ্জের মানুষের প্রতিই তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি বলেন, প্রবাসে থেকেও অসমের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে যেভাবে লালন করা হচ্ছে, তা অত্যন্ত গর্বের বিষয়।
তিনি আরও জানান, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস রেখে ভবিষ্যতেও দক্ষিণ করিমগঞ্জ, বরাক উপত্যকা এবং সমগ্র আসামের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। পাশাপাশি প্রবাসী অসমবাসীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকেও তিনি সবসময় স্বাগত জানাবেন।

সংগঠনের কর্মকর্তারা জানান, আসাম অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে প্রবাসী অসমবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের গুণী ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের সম্মান জানানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *