লাদাখের কার্গিলে আকস্মিক বন্যার তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

Spread the news

২১ জুলাই : ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য মেঘভাঙা বৃষ্টির জেরে লাদাখের কার্গিল জেলার একাধিক এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সোমবারের এই প্রাকৃতিক দুর্যোগে বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের দাবি, এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুদগাম, কারকিচু, চোসকোরে, সিলমো এবং ইয়োকমা খারবু এলাকা। বন্যার জলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিজমি তলিয়ে গেছে, অসংখ্য গাছ উপড়ে পড়েছে এবং গবাদি পশুও ভেসে গেছে। ক্ষয়ক্ষতির নিরিখে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সিলমো এলাকায়। সেখানে সেচ খাল, সড়ক এবং বিভিন্ন সরকারি পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছেন এবং সড়ক যোগাযোগ কার্যত বিপর্যস্ত। জলবাহিত রোগের আশঙ্কায় দ্রুত স্বাস্থ্য শিবির চালু ও জরুরি পরিষেবা পুনর্বহালের দাবিও উঠেছে।

লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (এলএএইচডিসি), কার্গিলের প্রাক্তন প্রধান নির্বাহী কাউন্সিলর ফিরোজ খান ক্ষতিগ্রস্ত পরিকাঠামো দ্রুত পুনর্গঠন এবং সরকারি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, সমাজকর্মী ও রাজনৈতিক নেতা সাজ্জাদ হোসেন কার্গিলি ঘটনাটিকে বড় ধরনের দুর্যোগ হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন, সেচ ব্যবস্থা পুনরুদ্ধার এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিশেষ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সড়ক যোগাযোগ ও সেচ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *