২০ জুলাই : ‘ককরোচ জনতা পার্টি’-র সংসদ অভিযান ঘিরে সোমবার সকাল থেকেই রণক্ষেত্র দিল্লি। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছে সিজেপি। অবশেষে এই দাবিসম্বলিত একটি স্মারকলিপি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করলেন সিজেপি-র প্রতিনিধিরা।
এদিন সকালে আন্দোলনকারীদের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সঙ্গে একটি বৈঠক হয়। প্রায় ১০ মিনিট সেই বৈঠক চলে। বৈঠক শেষে জেপি নাড্ডা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা হয়েছে। আন্দোলনকারীদের লিখিত দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি সমস্ত আন্দোলনকারীদেরকে তাঁদের ধর্না শেষ করার এবং প্রশাসনকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছি।’ অন্যদিকে, সিজেপি মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, বৈঠক ইতিবাচক হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁরা অনড়। সরকারের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট প্রতিশ্রুতি মেলেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সংগঠনটির অভিযোগ, নিটের প্রশ্নপত্র ফাঁস ছাড়াও সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পোর্টাল বিভ্রাটের মতো ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁদের দাবি, বারবার হওয়া এই বিশৃঙ্খলাই মন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ।
গত কয়েকদিন ধরেই দিল্লির যন্তরমন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন সিজেপি সমর্থকরা। এদিন বিক্ষোভকারীরা সংসদ ভবন অভিযানের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জারি করা হয় ১৪৪ ধারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা বাড়লেও, শেষ পাওয়া খবর অনুযায়ী বিক্ষোভ অব্যাহত।
উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’ মূলত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী। বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিজিৎ দীপকের হাত ধরে এই সংগঠনের পথচলা শুরু। অতীতে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে কাজ করা অভিজিতের তৈরি এই সংগঠনটি বর্তমানে দেশের শিক্ষাব্যবস্থার গলদ নিয়ে সোচ্চার হয়েছে। রাজধানীজুড়ে এই আন্দোলন এখন নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কেন্দ্রীয় সরকার এই চাপের মুখে পড়ে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।



