কুরিয়ার পার্সেলের আড়ালে কফ সিরাপ পাচার, চুরাইবাড়িতে আটক চালক

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ জুন : অসম-ত্রিপুরা চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের তৎপরতায় বড়সড় একটি পাচারচেষ্টা ভেস্তে যায়। সোমবার সন্ধ্যায় গুয়াহাটি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ছয় চাকার কন্টেইনার ট্রাক (AS-01-NC-5624) চুরাইবাড়ি ওয়াচ পোস্টের চেকিং পয়েন্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশকর্মীদের সন্দেহ হয়। বাহ্যিকভাবে ট্রাকটি বিভিন্ন অনলাইন ই-কমার্স সংস্থার কুরিয়ার পার্সেল ও পণ্যবোঝাই ছিল। সন্দেহের ভিত্তিতে গাড়িটিতে তল্লাশি চালানো হলে কুরিয়ার সামগ্রীর আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়।

চুরাইবাড়ি ওয়াচ পোস্টের গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোট ১,৫০০ বোতল ‘এসকাফ’ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকেই ট্রাকচালক রহিম উদ্দিন লস্করকে আটক করা হয়। তিনি কাছাড় জেলার আমড়াঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *