মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : রাখালবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর বাজারিছড়া এলাকার শ্রীনগর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃতার নাম রূপালি দাস (৩৬)। তাঁর স্বামী শ্যামল দাস। তিনি স্বামী ও তিন পুত্রকে নিয়ে শ্রীনগরে বসবাস করতেন। স্থানীয়
সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে রূপালি বাড়ির পাশে রাখালবাড়িতে ঝাড়ু দেওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার ছেলে আকাশ দাস জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁদের বাড়িতে ছুটে আসেন।
ঘটনার খবর পেয়ে লোয়াইরপোয়া এপিডিসিএল কর্তৃপক্ষ ও বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিদ্যুৎ সংযোগে কোনও ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে এদিনই শেষকৃত্য সম্পন্ন হয়।



