বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)-এর হাইলাকান্দি জেলা অভিবর্তন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অভিবর্তন উপলক্ষে শতাধিক মহিলার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। প্ল্যাকার্ড, ব্যানার এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি হাতে নিয়ে মহিলারা স্থানীয় শিববাড়ি রোড থেকে মিছিল করে কলেজ রোডস্থ ‘ সাহিত্য’ ভবনে পৌঁছান। সেখানেই অনুষ্ঠিত হয় মূল সমাবেশ।

সমাবেশের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংগঠনের হাইলাকান্দি জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সম্পা দে। সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পত্রিকার সম্পাদক শিখা ভট্টাচার্য। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইএমএসএস-এর অসম রাজ্য কমিটির সভাপতি ডাঃ চিত্রলেখা দাস।

সভা শুরু হয় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের কালজয়ী গান ‘জাগো নারী জাগো’ পরিবেশনের মধ্য দিয়ে। সভায় বক্তারা সমাজে নারীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অবক্ষয় ও বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অভিবর্তনে মদ ও মাদকদ্রব্যের ব্যবহার, সমাজমাধ্যমে অশ্লীলতার প্রচার এবং পর্নোগ্রাফির প্রসারের বিরুদ্ধে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পাশাপাশি হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে নতুন করে মদের দোকানের লাইসেন্স না দেওয়ার দাবিতেও আরেকটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
সভায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন জেলা কমিটি গঠন করা হয়। সোমা পাল, শিবানী গোয়ালা এবং অপর্ণা সরকারকে আহ্বায়ক করে মোট সাত সদস্যের একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কমিটি আগামী দিনে নারীসমাজের বিভিন্ন সমস্যা, সাংস্কৃতিক অবক্ষয়, মাদকাসক্তি ও অশ্লীলতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার পাশাপাশি সমাজে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলে সভায় জানানো হয়।



