দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জুন : আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তী (বাবাই দাদা)-র ৫৯তম জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ বিহার শিলচর আশ্রমের উদ্যোগে সোমবার শিলচর কলেজ রোডস্থিত প্রধানমন্ত্রীর আদর্শ বিদ্যালয় সুভাষনগর প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে দুধ ও বিভিন্ন ফলমূল বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা সভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাস। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রিয়া চন্দ, সৎসঙ্গ বিহার শিলচর আশ্রমের সম্পাদক অনুপ বিশ্বাসসহ আশ্রমের বিশিষ্ট সদস্যবৃন্দ।
সভা শুরু হয় ছাত্র-ছাত্রীদের পরিবেশিত শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রার্থনার মাধ্যমে। পরে বিশিষ্ট সঙ্গীতশিল্পী মঞ্জুশ্রী দাস ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী, সমাজকর্মী শঙ্কর দাস এবং সঙ্গীতশিল্পী মঞ্জুশ্রী দাস। বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথি ও সৎসঙ্গীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
বক্তব্য রাখতে গিয়ে ড. বিশ্বতোষ চৌধুরী সৎসঙ্গের গুরুত্ব তুলে ধরে বলেন, সৎ মানুষের সান্নিধ্য ও আধ্যাত্মিক চর্চা মানুষের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও আদর্শ সম্পর্কে আলোকপাত করেন।
সমাজকর্মী শঙ্কর দাস বলেন, ছাত্রজীবনই চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রশংসা করেন।
সৎসঙ্গ বিহার শিলচর আশ্রমের সম্পাদক অনুপ বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জ্ঞানার্জন নয়, বরং একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। তিনি শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে সজল কান্তি দাস, হিমাংশু ভূষণ নাথ, কৃষ্ণগোপাল দাস, উত্তম দে, কৃপেশ চক্রবর্তী, রথীন্দ্র ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস লস্কর, রূপক দত্ত, পুলক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে দুধ ও ফল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও শিক্ষামূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



