রাঙ্গিরখালের উপর নতুন পাকা সেতুর নির্মাণকাজে গতি, ঢালাইয়ের সূচনা করে পরিদর্শনে দীপায়ন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : শিলচরের কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডে রাঙ্গিরখালের উপর নির্মাণাধীন নতুন পাকা সেতুর কাজ মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন স্থানীয় বাসিন্দাদের অনুরোধে তিনি সেতুর ঢালাই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন এবং নিজ হাতে সিমেন্ট মিশ্রণ ঢেলে নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে দীপায়ন চক্রবর্তী জানান, তাঁর বিধায়কত্বের সময় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রীর নগরীয়া পাকা পথ নির্মাণ আঁচনি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবর্ষে এই সেতু নির্মাণের জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, রাঙ্গিরখালের উভয় পাশে গার্ড ওয়াল নির্মাণ সম্পূর্ণ হলে শিলচর শহরের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে।

এ সময় তিনি কনকপুর রোড এলাকার সাধারণ মানুষ এবং বিজেপি নেতা-কর্মীদের সহযোগিতা ও অঙ্গীকারবদ্ধতার জন্য ধন্যবাদ জানান।
স্থানীয় কনক সংঘ ক্লাবের পক্ষ থেকে ধীরেন্দ্র দাস ও প্রদীপ দে জানান, ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ড. রাজদ্বীপ রায়ের উপস্থিতিতে দীপায়ন চক্রবর্তী পুরনো সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁদের দাবি, সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেছেন। নতুন সেতুটি চালু হলে এলাকার মানুষের যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে এবং বৃহত্তর কনকপুর এলাকার বাসিন্দারা এর সুফল ভোগ করবেন।
অনুষ্ঠানে মিঠুন দত্ত, রনজিৎ রায়, পার্থ রায়, মান্না দাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্তমানে নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। স্থানীয় বাসিন্দারা নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *