সেন্সাসের দায়িত্ব থেকে একক শিক্ষক, প্রধান শিক্ষক ও ৫৫ ঊর্ধ্ব শিক্ষকদের অব্যাহতির দাবি

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২০ জুলাই :
শিক্ষার্থীদের পাঠদান ও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের স্বার্থে আসন্ন জনগণনা (সেন্সাস) কার্যক্রমে একক শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক এবং ৫৫ বছরের অধিক বয়সী শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি অথবা বিকল্প জনবল নিয়োগের দাবিতে সোমবার কাটিগড়ার এটাচ সার্কল অফিসার চম্পক শর্মার হাতে স্মারকলিপি তুলে দেয় কাটিগড়া খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনি।

স্মারকলিপিতে জানানো হয়, কাটিগড়া খণ্ডে প্রায় ৩৫টি একক শিক্ষক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের একমাত্র শিক্ষকই পাঠদান থেকে শুরু করে প্রশাসনিক ও দাপ্তরিক সব দায়িত্ব পালন করেন। তাঁদের সেন্সাসের কাজে নিয়োজিত করা হলে বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। পাশাপাশি, ৫৫ বছরের ঊর্ধ্ব শিক্ষকদের ডিজিটাল ভিত্তিক জনগণনা কার্যক্রম পরিচালনায় বাস্তব সমস্যার মুখে পড়তে হতে পারে বলেও উল্লেখ করা হয়।

এসময় শিক্ষক নেতারা শিক্ষার্থীদের শিক্ষা যাতে ব্যাহত না হয়, সেজন্য সংশ্লিষ্ট শিক্ষকদের পরিবর্তে বিকল্প জনবল নিয়োগের দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে শিক্ষক সম্মিলনির সভাপতি মকলিছুর রহমান বড়ভূইয়া, সম্পাদক দিলীপ চৌধুরী, সহ-সম্পাদক দিদারুল ইসলাম সদিয়ল, প্রশান্তকুমার নাথ, কোষাধ্যক্ষ বিমলেন্দু গোস্বামীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *