২১ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ হল। ৬১ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। জানা গেছে, অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা মারে এবং পরে নিচের সড়কে উল্টে পড়ে যায়।
সোমবার সকালে রামনগর থেকে উধমপুর যাওয়ার পথে খাগোট এলাকার কানোট গ্রামে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জেলা প্রশাসন, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি এক্স হ্যান্ডেলে জানান, জেলা প্রশাসনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। মন্ত্রী বলেন, ‘উদ্ধারকাজ দ্রুতগতিতে চালানো হচ্ছে। আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে গুরুতর আহতদের এয়ারলিফ্ট করে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহা এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুর্গতদের সব রকম সাহায্য নিশ্চিত করা হয়।’



