সারের অবৈধ পাচার রুখল কাছাড় পুলিশ, পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইউরিয়া ও সার বাজেয়াপ্ত

Spread the news

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : অবৈধভাবে সার পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলার দু’টি পৃথক এলাকায় অভিযান চালিয়ে দু’টি গাড়ি আটক করা হয়। ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ ইউরিয়া ও সার বাজেয়াপ্ত করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থানার অন্তর্গত রাঙ্গিরখাড়ি টিওপি এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ১,৬০০ কেজি ভারত ইউরিয়া উদ্ধার করা হয়।

অন্যদিকে, ধলাই থানার অধীন লায়লাপুর পুলিশ পিকেট এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। সেখানে একটি গাড়ি থেকে ২২,৫০০ কেজি সার বাজেয়াপ্ত করা হয়েছে।

দু’টি অভিযানে মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত সার কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে কোনও বড়সড় অবৈধ পাচারচক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *