দুর্গাপুজো ঘিরে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে জোর কাছাড় প্রশাসনের

Spread the news

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ, ভিড় সামলানো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা এবং প্রতিমা বিসর্জন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কাছাড় জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মনোজ্যোতি কুটুম, এএসিএস। উপস্থিত ছিলেন বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা।

বৈঠকে পুজো কমিটিগুলিকে প্যান্ডেল নির্মাণের আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাস্তা দখল করে গেট বা প্যান্ডেল নির্মাণ না করার পাশাপাশি দর্শনার্থীদের চলাচল সহজ করতে প্রতিটি মণ্ডপে দু’টি প্রবেশপথ ও দুটি বহির্গমন পথ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি পুজোমণ্ডপে সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিকল্প বিদ্যুৎ, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং জরুরি পরিষেবার ফোন নম্বর প্রদর্শনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ভিড় নিয়ন্ত্রণে পরিচয়পত্র-সহ পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক মোতায়েনের কথা বলা হয়েছে। একইসঙ্গে লাউডস্পিকারে নির্ধারিত শব্দসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়। যানজট এড়াতে নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করার পাশাপাশি প্রধান সড়ক ও যানজটপ্রবণ এলাকায় গাড়ি পার্কিং নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া রাস্তার গর্ত ও ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত এবং ফুটপাতের বেআইনি দখল সরাতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রতিমা বিসর্জন নিয়েও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। বিসর্জন ঘাটে ডুবুরি ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখার পাশাপাশি মোটরবোট এবং এসডিআরএফ-এর নৌকা মোতায়েন থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী, দুই দিনের মধ্যেই প্রতিমা বিসর্জনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে।

বৈঠকে বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে যানজট, রাস্তা মেরামত এবং রাতের সময় মহিলাদের নিরাপত্তা নিয়ে সমস্যার কথা তুলে ধরা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মনোজ্যোতি কুটুম। শেষে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সকলের সহযোগিতায় দুর্গাপুজো শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *