কন্টেনার গাড়ি থেকে বার্মিজ সিগারেট! দিগরখাল চেকপোস্টে পুলিশের জালে দুই

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের দিগরখাল নাকা চেকপোস্টে পুলিশের তল্লাশিতে বড়সড় সাফল্য। একটি কন্টেনার গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। ঘটনায় উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, UP 22 T 2661 নম্বরের কন্টেনার গাড়িটি দিগরখাল নাকা চেকপোস্টে থামিয়ে নিয়মমাফিক তল্লাশি চালানো হয়। প্রথম দফার তল্লাশিতে সন্দেহজনক কিছু ধরা না পড়লেও পরে গাড়ির বিভিন্ন অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে গিয়ে গোপন চেম্বারটির সন্ধান পান কর্তব্যরত পুলিশ কর্মীরা।

চেম্বার খুলতেই বেরিয়ে আসে সিগারেটের প্যাকেটের পর প্যাকেট। তল্লাশিতে মোট ৬০০টি মাঝারি আকারের প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ২০০টি করে সিগারেট থাকায় সব মিলিয়ে উদ্ধার হওয়া বার্মিজ সিগারেটের পরিমাণ প্রায় ১ লক্ষ ২০ হাজারটি বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়িতে থাকা উত্তরপ্রদেশের বাসিন্দা রশিদ ও ফয়জানকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেটের পাশাপাশি সংশ্লিষ্ট গাড়িটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *